হৃদয়
-----------হাফিজ
আকাংখা থেকে সরাব না হাত
বাসনা আমার সিদ্ধ না হলে ;
হয় পাবে প্রাণ বন্ধুর নাগাল,
নয়ত যাবে এখনও সে দেহ ছেড়ে চলে।
মরলে আমার কবরটা খুঁড়ে,
দেখো তুমি, গেছে অন্তরে রয়ে
যেহেতু আগুন, কাফন আমার
রয়েছে ধোঁয়ায় বেকার হয়ে।
মুখটি ফেরাও ! হায় হায় করে
উঠুক দুনিয়া ; বলুক, কী সুখ।
খোলো দুটি ঠোট ; তা দেখে সকল
স্ত্রীপুরুষ প্রার্থনায় বসুক।
আমার ওষ্ঠাগত হল প্রাণ,
এখনও হৃদয় কত কী যে চায় !
ও-দুটি ঠোটের বাসনা গেল না,
এদিকে আত্মা দেহ ছেড়ে যায় ।
মনকে বলেছি, ‘ছেড়ে চলে এসো,
কথা শোনো, কাছে যেয়ো না কো ওর।
মন বলে, তারই সাজে এই কাজ
নিজের ওপর যার আছে জোর।'
পাকিয়ে রেখেছে কত শত দহ
তোমার চুলের প্রতিটি বলয় ;
কী করে খুলবে সেসব গ্রন্থি
আমার বন্দী দীর্ণ হৃদয়!
হয়ত বা দুটি একটি ফুলেও
মিলবে তোমার মুখের আদল,
হরদম সেই আশায় আশায়
ফুলের বাগানে হাওয়ার টহল।
খাড়া হয়ে তুমি দাড়াও মাটিতে,
দৈর্ঘ্য এবং কৃশ কটি যাতে
এ বাগানে সরুঝাউ ও বেতস
মেলায় একই দেহে একসাথে।
আমি নই ব্যভিচারী যে নিত্য
বদলে ফেলব বন্ধুর পাট ;
যে পর্যন্ত ধড়ে প্রাণ আছে
তোমার দুয়োরে আমি চৌকাঠ।
সকলেই জানে যে মজলিশেই
কথা হয়, লোক করে গিজ গিজ
বলবে, তা ঠিক ! তেমন প্রেমিক
একজনই আছে, সে হল হাফিজ।

Comments
Post a Comment